নারায়ণগঞ্জে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭ তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জনসভা ও শহরে লাল পতাকা মিছিল করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা শাখার উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বর্তমান কেন্দ্রীয় উপদেষ্টা দেশের বিশিষ্ট বামপন্থি চিন্তাবিদ কমরেড খালেকুজ্জামান। বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদের জেলা কমিটির সদস্য, এস এম কাদির।
কমরেড খালেকুজ্জামান বলেন, ‘২৪ এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে দুই হাজারের বেশি শহিদী আত্মদানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও আমরা দেখি একদল সাম্প্রদায়িক দূর্বৃত্ত মাজার-মন্দিরে আক্রমণ-ভাঙচুর, প্রথম আলোর কার্যালয়সহ বিভিন্ন পত্রিকা অফিসে হামলা-ভাঙচুর, মবকিলিং ঘটাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাট শিক্ষার্থীদের সংঘর্ষের মত ঘটনা ঘটছে। চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এইসব ঘটনায় সম্পৃক্ত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বর্তমান সরকার।
তিনি আরও বলেন, উচ্চ নিত্যপণ্যের দামে মানুষের জীবন বিপর্যস্ত। সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। দেশের ২৬ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তায় ভুগছে। বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ মিছিলে ফ্যাসিস্ট সরকারের মতোই গুলি চালিয়ে প্রাণ কেড়ে নিচ্ছে। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। বর্তমান সরকার ১১টি সংস্কার কমিটি গঠন করেছে, এটি ইতিবাচক দিক। কিন্তু অতীতের সরকার যেমন উন্নয়ন ও গণতন্ত্র পরস্পর মুখোমুখি দাঁড় করিয়েছিল, ঠিক তেমনই বর্তমান সরকারও সংস্কার এবং নির্বাচনকে পরস্পর মুখোমুখি দাঁড় করিয়েছে। আমি সরকারকে আহ্বান জানাই প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের সাথে সাথে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। নাহলে দেশের অস্থিতিশীলতা বাড়তেই থাকবে।