গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠি ও ধারালো ছুরির আঘাতে সাইদুল প্রধান নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। তাদের মধ্যে ৪ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বজনদের অভিযোগ, মজিদুল ইসলাম তার হাতে থাকা লাঠি ও অস্ত্র দিয়ে আঘাত করায় সাইদুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল প্রধান ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামের হাসিম প্রধানের ছেলে। অভিযুক্ত মজিদুল ইসলাম (৫০) একই গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ রংপুরে কর্মরত।
আটককৃতরা হলেন আব্দুর গফুর (৩৮), শাকিল আহমেদ (২৭) ও শাফিউল সোহাগ (৩০)। তাদের সকলের বাড়ি মালাধর গ্রামে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাতগ্রাম নিয়ে মালাধর জামে মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। সম্প্রতি মসজিদের কমিটি গঠন নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মুসল্লিদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার নামাজের পর কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মুসল্লিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মজিদুলসহ তার সঙ্গে থাকা লোকজন লাঠিসোটা নিয়ে সাইদুল প্রধানের ওপর হামলা করে। পরে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন সাইদুল। দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭ জন। তাদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করারা হয়েছে।
স্থানীয় মুসল্লি, মেহেদুল ইসলাম ও সিরাজুল ইসলাম জানান, মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক গঠন নিয়ে নামাজের পর স্থানীয় মুসল্লিদের বসার কথা। এ নিয়ে মজিদুলের সঙ্গে সাইদুল প্রধানের তর্ক হয়। এক পর্যায়ে মজিদুল তার হাতে থাকা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে সাইদুলের মাথায় আঘাত করেন।
মুসল্লিদের অভিযোগ, আগে পুলিশের কর্মকর্তা মজিদুল ইসলাম মসজিদের সভাপতি ছিলেন। তিনি আবারও গোপনে তার পছন্দের লোক দিয়ে পকেট কমিটি গঠন করেন। সেই কমিটির জেরে পরিকল্পিতভাবে মজিদুল তার লোকজন নিয়ে এই হামলার ঘটনা ঘটায়।
নিহতের স্বজনদের অভিযোগ, সাইদুল প্রধান একজন দিনমজুর। সাধারণ মুসল্লির মতো মসজিদে নামাজ আদায় করেন তিনি। কমিটি নিয়ে দ্বন্দ্ব কিংবা কোনও পক্ষেই তিনি ছিলেন না। কিন্তু তার ওপর হামলা করে অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হলো। হত্যাকাণ্ডে পুলিশ সদস্য মজিদুলসহ তার সঙ্গে থাকা জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।