পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রীসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে আটটি মামলা হয়েছে। ইসলামাবাদ পুলিশের পক্ষে গত বুধবার এ মামলা করা হয়।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ জানায়, শাহজাদ টাউন, সিহালা, খান্না, শামস কলোনি, নুন, নিলোরসহ বিভিন্ন থানায় মামলাগুলো নথিভুক্ত করা হয়।
দলের স্থানীয় নেতৃত্ব ছাড়াও হাজার হাজার ব্যক্তির নাম রয়েছে আসামির তালিকায়। মামলাগুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের ওপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশকে আন্দোলনের রাজনীতি থেকে মুক্ত করতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরই পুলিশ মামলার পদক্ষেপ নেয়।
সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে গত ২৪ নভেম্বর ইসলামাবাদ অভিমুখে রওনা দেন পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি-চকে এসে পৌঁছে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেন। নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
পরে বিক্ষোভ প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয় পিটিআই। পিটিআইয়ের সমাবেশ ঘিরে ইসলামাবাদে ইমরানের সমর্থক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটে।