মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে থানা প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে গাদিঘাট গ্রামের বিক্ষুব্ধ নারী-পুরুষ মিছিল নিয়ে থানা প্রাঙ্গনে জড়ো হন। এ সময় প্রবাসীর হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবিতে নানা শ্লোগান দেন গ্রামবাসী। পুলিশের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাসের ভিত্তিতে প্রায় আধা ঘণ্টা পর থানা প্রাঙ্গন ত্যাগ করেন তারা।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে উপজেলার গাদিঘাট গ্রামের শতশত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে স্বজনরা জানান, উপজেলার দেউলভোগে রমজান মুন্সী তার কেনা জায়গায় ভবণ নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলো। এতে পার্শ্ববর্তী জমির মালিক মুক্তার মাঝির ছেলে ইভান বাঁধা দেয়। এ নিয়ে বিরোধ চলে আসছিল।
শ্রীনগর-লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, প্রায় ২০ মিনিটের মতো গ্রামবাসী থানা কম্পাউন্ডের ভেতর অবস্থান নিয়ে নানা শ্লোগান দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রামবাসীর সঙ্গে কথা বলে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা চলে যায়। আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যা মামলা নিচ্ছি। অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন হবে।
প্রসঙ্গত গত বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে বস্তাবন্দি হাত-পা বাঁধা নিখোঁজ প্রবাসী রমজান মুন্সীর লাশ উদ্ধার করে পুলিশ। ২ দিন আগে সোমবার (২৫ নভেম্বর) দেওলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। মঙ্গলবার (২৬ নভেম্বর) তার সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল। দেড়-মাস আগে সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে আসেন।