পেছনে ইমরান সামনে বুশরা

দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে গত সপ্তাহে দলটির বড় ধরনের কর্মসূচি পালনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল দেশটির রাজধানী ইসলামাবাদ। এর আগেও পিটিআই বেশ কয়েকবার কর্মসূচি পালন করলেও, এটি ছিল সাম্প্রতিক সময়ে দলটির সবচেয়ে বড় বিক্ষোভ। আর এই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। সেই সঙ্গে পিটিআইয়ের রাজনীতিতে বুশরার বিবির সক্রিয়তাও দিন দিন বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইমরানের সমর্থকদের কাছে বুশরার গ্রহণযোগ্যতা থাকায়, সামনের দিনগুলোতে নেতৃত্ব সংকটে থাকা পিটিআই এ বুশরার আধিপত্য বাড়তে পারে।

দুর্নীতির মামলায় বুশরাও কারাগারে ছিলেন। গত মাসে মুক্তি পান। এর পরপরই রাজধানী ইসলামাবাদে শুরু হয় তুমুল বিক্ষোভ-আন্দোলন। এই আন্দোলনে যোগ দিতে গত সোমবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক। কিন্তু মঙ্গলবার মধ্যরাতের আগে তাদের হটিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। বুশরা নিজেও আন্দোলনে অংশ নিয়েছিলেন। ইসলামাবাদে আন্দোলনের আগে পিটিআই-সমর্থকদের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেছিলেন বুশরা বিবি। সেসময় ইমরান খানকে রক্ষার জন্য আহ্বান জানিয়েছিলেন তিনি। এরপর ইসলামাবাদে যখন আন্দোলনকারী ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছিল, তখন হঠাৎই একটি ট্রাকের ওপর দেখা যায় বুশরা বিবিকে। তবে বুশরার জনসমক্ষে আসার ঘটনা খুবই বিরল। এ বিষয়ে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আসমা ফাইজ বলেন, বুশরাকে একজন অরাজনৈতিক মানুষ মনে করা হতো। সে জন্য বিরোধীরা তাকে হুমকি বলে মনে করতেন না। তবে গত কয়েক দিনে আমরা বুশরার ভিন্ন রূপ দেখতে পেয়েছি। ওয়াশিংটনভিত্তিক নীতি গবেষণাপ্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, ইমরান খানের স্ত্রী হওয়ায় বিক্ষোভকারীদের কাছে তিনি বিশ্বাসযোগ্যতা পেয়েছেন। তবে বিক্ষোভে বুশরার ভূমিকার জেরে পিটিআইয়ের মধ্যে বিভেদ দেখা দিতে পারে বলে মনে করেন কুগেলম্যান। তিনি বলেন, বিক্ষোভে বুশরার উপস্থিতি বিতর্ক সৃষ্টি করতে পারে। কারণ, দলের অনেক নেতার সঙ্গে তার দ্বন্দ্ব রয়েছে। এরপরও বুশরার এই ভূমিকা দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। ইসলামাবাদে আন্দোলন ঘিরে সংঘাতের জন্য বুশরাকে দায়ী করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রীসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে আটটি মামলা হয়েছে।