মনি-এখলাস ভোটের লড়াই

বাফুফের উপনির্বাচনে ১৫তম নির্বাহী সদস্য হওয়ার লক্ষ্যে ভোটের লড়াইয়ে নামছেন জাতীয় দলের সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি ও তৃণমূলের তরুণ সংগঠক এখলাস উদ্দিন। গত ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনে এই দুই নির্বাহী সদস্য প্রার্থী সমান ৬১টি করে ভোট পেয়েছিলেন। তাই আজ হতে যাচ্ছে উপনির্বাচন। ১৩৩ জন ভোটারের ভোটে নির্বাচিত হবেন এদের একজন।

মনি দেশের ফুটবলের পরিচিত মুখ। ২০০৩ সাফজয়ী দলের সদস্য ছিলেন।  খেলা ছাড়ার পর কোচিংকে পেশা হিসেবে নেন। বর্তমানে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্বে আছেন। এখলাস গত বছর মার্চে চুয়াডাঙ্গা জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হন। দায়িত্ব নিয়েই স্থবির হয়ে পড়া চুয়াডাঙ্গার ফুটবলকে জাগিয়ে তুলতে অক্টোবরে আয়োজন করেন ফুটবল লিগ।