একটি টি–টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিং চেষ্টার অভিযোগে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মাঝে লোনওয়াবো সোতসোবে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ বোলার ছিলেন। সঙ্গে দেশটির সাবেক টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতিকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ আনা হয়েছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’ জানিয়েছে, ২০১৫–১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্টে ফিক্সিং চেষ্টার কারণে ৭ ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। সেই সাতজনের অন্যতম হলেন সোতসোবে, সোলেকিল এবং এমবালাতি। গ্রেপ্তার তিন ক্রিকেটারের বিরুদ্ধে দেশটির ‘দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইন- ২০০৪’ এর অধীনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেছেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, ওই টুর্নামেন্টে ফিক্সিং চেষ্টার অভিযোগে সোতসোবে, সোলেকিল ও এমবালাতির নিষেধাজ্ঞার সাজা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছিল। বাকিদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়। উল্লেখ্য, সোতসোবে ২০১২ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালের মে পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বর বোলার ছিলেনভ