ঐশ্বরিয়া রায়ের ‘জোশ’ সিনেমার সহ-অভিনেতা শারদ কাপুর, এক ৩২ বছর বয়সী নারীর দ্বারা যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হয়েছেন। গত ২৭ নভেম্বর মুম্বাইয়ের খার থানায় এই বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে।
আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী নারী জানান, শারদ কাপুর তাকে একটি শুটের বিষয়ে আলোচনা করার কথা বলে আমন্ত্রণ করেছিলেন।
তিনি বলেন, তাদের প্রথম পরিচয় হয়েছিল ফেসবুকে এবং পরে ভিডিও কলে কথোপকথন শুরু হয়। শারদ তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি লোকেশন শেয়ার করেন। তিনি মনে করেছিলেন এটি একটি অফিস, কিন্তু সেখানে পৌছে দেখেন এটি অভিনেতার বাড়ি।
অভিযোগ অনুযায়ী, বাসার তৃতীয় তলায় পৌছানোর পর একজন ব্যক্তি দরজা খুলে দেন এবং পরে শারদ কাপুর তাকে বেডরুমে যেতে বলেন। সেদিন সন্ধ্যায়, শারদ তাকে হোয়াটসঅ্যাপে আপত্তিকর ভাষায় মেসেজ পাঠান।
এই ঘটনার পর, ক্ষুব্ধ এবং আতঙ্কিত হয়ে ওই নারী তার এক বন্ধুর কাছে সবকিছু জানান। বন্ধুটি তাকে মুম্বাইয়ের খার থানায় অভিযোগ দায়ের করতে সহায়তা করেন। এই ঘটনার প্রেক্ষিতে শারদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ (নারীর শালীনতায় আঘাত), ৩৫৪এ (যৌন হয়রানি) এবং ৫০৯ (নারীর মর্যাদাহানিকর ভাষা বা আচরণ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর বলিউড ইন্ডাস্ট্রিতে এক নতুন আলোচনার ঝড় উঠেছে।
ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে শারদ কাপুর অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমি জানি না কবে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি সম্প্রতি নিউ ইয়র্ক থেকে ফিরেছি এবং এখন কলকাতায় আছি। পুলিশ আমার সাথে যোগাযোগ করেছে, তবে এই ঘটনা ঘটেনি। কাউকে আমি জোরপূর্বক কিছু করতে বাধ্য করিনি।’
শারদ কাপুর ২০০০ সালের ‘জোশ’ সিনেমায় ঐশ্বরিয়া রায়ের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেন। সেখানে খল চরিত্রে অভিনয় করেন তিনি। ১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে তার বলিউড যাত্রা শুরু হয়। এরপর তিনি জয় হো, তামান্না, লক্ষ্য, এবং এলওসি কারগিল-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। তিনি টিভি সিরিজেও কাজ করেছেন । তাকে সর্বশেষ বার ২০২২ সালে ‘দ্য গুড মহারাজা’ সিনেমায় দেখা গিয়েছিল।