আধিপত্য বিস্তারে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ৬ 

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির সদস্য আল আমিন চাপরাশি (৩৮) ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাজীব হাওলাদারের (৪৫) মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নোয়াপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে আল আমিনের ওপর হামলা হয়। এসময় তার বাঁ পা ভেঙে দেয়। এই ঘটনা সংঘর্ষে রূপ নেয়, যেখানে ছয়জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য আল আমিন চাপরাশি, স্বেচ্ছাসেবক দলের সদস্য আলাউদ্দিন সরদার বাবুল (৩৩), লিটন সরদার (৪৫), জয় (১৫) এবং অজ্ঞাত পরিচয়ের আরও দুই ব্যক্তি।

আল আমিন অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের রাজীব হাওলাদার, দুলাল সরদার (বাঘা দুলাল), যুবদল সদস্য লোকমান ব্যাপারী ও জুয়েলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল সশস্ত্র হামলা চালায়। তাদের কাছে ধারালো অস্ত্র, পিস্তল, শটগান, হকিস্টিক এবং জিআই পাইপ ছিল।

তবে রাজীব হাওলাদার এই হামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। আল আমিনের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।