মাত্র ১৮ বছর বয়সেই আল্লাহ মোহাম্মদ গজনফর হয়ে উঠেছেন আফগানিস্তান ক্রিকেটের নতুন তারকা। জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি জায়গা করে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে আলোচিত আসর আইপিএলে। আসন্ন মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে এই রহস্যময় স্পিনারকে। তবে তার আগে দুবাই আর আবুধাবিতে যেন ‘খ্যাপ’ খেলে বেড়াচ্ছেন তিনি।
গল্পটা অনেকটা পাড়ার ক্রিকেটের মতো। আগের দিন এক টুর্নামেন্টে খেলে পরের দিন আবার অন্য টুর্নামেন্টে। তরুণ এই প্রতিভাবান ক্রিকেটার চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য গজনফর। সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই আসরে গতকাল দুবাইতে বাংলাদেশ যুবাদের বিপক্ষে খেলতে নেমেছিলেন। আজ আবার মাঠে নামলেন আবুধাবিতে টি-টেন লিগে।
বাংলাদেশের জাতীয় দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভয়ংকর রূপ দেখানো গজনফরের সামনে যুব টাইগাররা খেলেছে বেশ সতর্কভাবে। ১০ ওভারে মাত্র ২৫ রান খরচ করে নিয়েছেন ১টি উইকেট। যদিও তার দল জয় তুলে নিতে পারেনি।
পরের দিনই অর্থাৎ আজ টি-টেন লিগে নর্দান ওয়ারিয়ার্সের বিপক্ষে মাঠে নামেন টিম আবুধাবির হয়ে। ২ ওভার বল করে ১৫ রান খরচায় শিকার করেন ব্রেন্ডন কিংয়ের উইকেট। তবে এই ম্যাচে আলো ছিনিয়ে নিয়েছেন তার আফগান সতীর্থ নুর আহমেদ, যিনি ১৩ রানে ৪ উইকেট শিকার করে দলকে এনে দেন জয়।
আইপিএলে জায়গা করে নেওয়ার আগে গজনফর পাকিস্তানের জুনিয়র লিগে রাওয়ালপিন্ডি রাইডার্সের হয়ে খেলেছেন। বিপিএলে ডাক পেয়ে এবার রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশের মাটিতে তাকে দেখা যাবে। এরই মধ্যে আন্তর্জাতিক মঞ্চে যুব বিশ্বকাপ ও ইমার্জিং এশিয়া কাপে নিজের বোলিং জাদু দেখিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ রেকর্ড নিজের নামে করেছেন গজনফর। তার বোলিং বৈচিত্র্য, সাহসী মানসিকতা, এবং ধারাবাহিক পারফরম্যান্স তাকে ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ক্রীড়া দুনিয়ায় মাত্র ১৮ বছর বয়সেই এত ব্যস্ততা এবং সাফল্য পাওয়ার গল্প খুব বেশি দেখা যায় না। আল্লাহ মোহাম্মদগজনফর সেই বিরল গল্পগুলোরই একটি। তার সামনে রয়েছে আরও বড় মঞ্চে উজ্জ্বল হওয়ার অসীম সম্ভাবনা।