আইপিএলের এবারের নিলামে যেখানে ১২০০ কোটি রুপির বিশাল বাজেট ছিল, সেখানে ১৩ বছর বয়সী কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীর জন্য ১.১০ কোটি রুপির দামে রাজস্থান রয়্যালসের তাকে দলে নেওয়ার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এত কম বয়সে আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনি শুরু হয়েছে বয়স নিয়ে বিতর্ক।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের এই টপ অর্ডার ব্যাটার বয়স কমিয়ে দেখানো হয়েছে কি না, তা নিয়ে চলমান আলোচনায় সনি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এখন এসব নিয়ে ভাবার সময় নেই। আমি আমার লক্ষ্য স্থির রাখতে চাই। আমার একমাত্র ফোকাস এশিয়া কাপে ভালো খেলা এবং দলকে চ্যাম্পিয়ন করা।’
বৈভব আরও যোগ করেন, সামাজিক মাধ্যম বা বিতর্কের দিকে মনোযোগ না দিয়ে তিনি তার খেলায় মনোনিবেশ করতে চান।
নিলামে বৈভবের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। তবে নিলামের সময় তার দাম দ্রুত ১ কোটি রুপি ছাড়িয়ে যায়, যা প্রমাণ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ। এত কম বয়সে তার ব্যাটিং দক্ষতা তাকে ক্রিকেটমহলে ভবিষ্যতের তারকা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
বিহারের এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই নজর কেড়েছেন। রঞ্জি ট্রফিতে নিজের অভিষেকেই সেঞ্চুরি করা বৈভব অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে টেস্ট অভিষেক ইনিংসেও সেঞ্চুরি করেন, যা তাকে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্বরেকর্ডের মালিক বানিয়েছে।
বৈভবের আইডল ভারতের কোনো কিংবদন্তি নন, বরং ক্যারিবীয় মহাতারকা ব্রায়ান লারা। বৈভব বলেন, ‘আমার আদর্শ ব্রায়ান লারা। তার মতো ইনিংস খেলার চেষ্টা করি এবং নিজের প্রচেষ্টার ওপরই আস্থা রাখি। প্র্যাকটিসে যা শিখি, তা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করি।’
বর্তমানে বৈভব ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলছেন এবং দলকে চ্যাম্পিয়ন করাই তার মূল লক্ষ্য। বিতর্কে কান না দিয়ে নিজের ফোকাস ধরে রাখার প্রতিশ্রুতিতে এই কিশোর তারকা ইতিমধ্যেই উদাহরণ সৃষ্টি করেছেন। বৈভবের মতো প্রতিভার সঠিক পরিচর্যা করলে ভারতীয় ক্রিকেটে আরও একটি উজ্জ্বল অধ্যায় যুক্ত হতে পারে।
পাকিস্তানের কাছে হেরে গেল ভারত
মালয়েশিয়ার সঙ্গে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ