ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মেহেদী হাসান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমার মোড় এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান। এছাড়া তিনি ডিক্রিরচর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হত্যা মামলার বাদী ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা রুমন শেখ। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সিএন্ডবিঘাট টোল প্লাজার সামনে বিএনপির সমর্থিত প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষে পোস্টার সাটানোর সময় হিরু শেখ নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হিরুর ছেলে রুমন শেখ বাদী হয়ে মিন্টুকে আসামি করে ফরিদপুর কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।
এছাড়া শহরের কমলাপুর মহল্লার বাসিন্দা আজাদ শেখ বাদী হয়ে মিন্টুকে আসামি করে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরেকটি মামলা করেন। অভিযোগ রয়েছে, ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর হয়ে ফরিদপুর সদর আসনে দুর্দান্ত প্রভাব খাটিয়ে মেহেদী হাসান নানা অপকর্ম করে আসছিলেন। তার বিরুদ্ধে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সিএন্ডবি ঘাটের জোরপূর্বক ইজারা তোলাসহ নানা অভিযোগ রয়েছে।
কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুটি মামলা রয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।