লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত আলমগীর মামলার হাজিরা দিতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে সদর আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মৃত্যুবরণ করেন। তিনি রামগতি উপজেলার চর আফজাল গ্রামের মৃত সেকান্দর আলী পণ্ডিতের পুত্র।
রোববার (১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, উপজেলার চর সেকান্দর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে হাসান মাহমুদ ও সিএনজি অটোরিকশা চালক ফেরদৌস।
স্থানীয়রা জানান, জেলা সদর আদালতে মামলার হাজিরা দিতে বাড়ি থেকে সিএনজি যোগে রওয়ানা হন তারা। পথে ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আলমগীর হোসেন মারা যান। এছাড়া সিএনজির মধ্যে থাকা দুজন, কলেজ ছাত্র মো.হাসান মাহমুদ ও সিএনজি চালক ফেরদৌস আহত হন।
এ দুর্ঘটনায় সিএনজি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। অন্যদিকে ট্রাক সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়।
নিহত আলমগীরের ভগ্নিপতি মো. জামাল হোসেন জানান, লক্ষ্মীপুর আদালতে থাকা একটি মামলায় আলমগীরের হাজিরা ছিল। তিনি হাজিরা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজি যোগে রওনা হন। পথেই দুর্ঘটনায় মৃত্যু হয় তার।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল জানান, সড়ক দুর্ঘটনায় তিন জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, ‘এটি একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে।‘