নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এটি ক্রমাগত আধুনিকায়ন করা হচ্ছে।
রোববার (১ ডিসেম্বর) পটুয়াখালীর শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বি-২৪ ব্যাচের ৪৪০ জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ পরবর্তী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌপ্রধান বলেন, ‘একটি শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী গড়ে তুলতে ইতোমধ্যে বহরে আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার, স্পেশাল ফোর্স এবং এমপিএ যুক্ত করা হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর ঘাটিগুলোকেও উন্নত করা হয়েছে। আমাদের ডকইয়ার্ডগুলো নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করছে, যা স্বনির্ভরতার পথে বড় পদক্ষেপ।’
তিনি বলেন, ‘নতুন ঘাঁটি, উন্নত জাহাজ ও আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযোজন অব্যাহত রয়েছে, যা নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়াবে।’
নবীন নাবিকদের প্রশিক্ষণ নিয়ে নৌপ্রধান বলেন, ‘বর্তমানে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি আধুনিক ও দক্ষ নৌবাহিনী গড়ে তোলার জন্য চৌকস ও প্রশিক্ষিত সদস্য প্রয়োজন। আপনারা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘আজকের নবীন নাবিকরা ভবিষ্যতের নতুন বাংলাদেশ গড়ার অন্যতম অগ্রণি শক্তি হয়ে উঠবেন।’
অনুষ্ঠানে প্রশিক্ষণকালে পেশাগত ও মেধার ভিত্তিতে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় তিনজন প্রশিক্ষণার্থীকে নৌপ্রধান পদক, কমখুল পদক এবং শের-ই-বাংলা পদক প্রদান করা হয়।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, বরিশাল, পটুয়াখালী ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।