সেই তুবা এখন আবার স্কুলে, সহপাঠীদের উচ্ছ্বাস

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ এএম

অভাব-অনটনের সংসারে ঠিকমতো খাবারই জুটত না। এর মধ্যে লেখাপড়ার খরচ বহন করা ছিল কঠিন। একটি স্কুল ড্রেস না থাকায় টানা চার মাস বিদ্যালয়ে যেতে পারেনি চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুবা বিনতে (৯)। দীর্ঘদিন পর বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নতুন স্কুল ড্রেস পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার হাত ধরে নিজ বিদ্যালয়ে প্রবেশ করে সে। এ সময় শিক্ষক ও সহপাঠীরা করতালি দিয়ে তাকে বরণ করে নেয়।

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুবার ফিরে আসায় উচ্ছ্বসিত তার সহপাঠীরা।

তুবার মা জান্নাতুল বলেন, স্কুল ড্রেস না থাকায় গত চার মাস তার মেয়ে তুবা বিদ্যালয়ে যেতে পারেনি। উজিরপুর উপজেলা প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার নতুন করে তার মেয়ের শিক্ষাজীবন শুরু হয়েছে। এতে তিনি খুবই খুশি।

বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবির মামুন বলেন, তুবা আক্তার (৯) বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। এখন থেকে তার প্রতি বিশেষ নজর দেওয়া হবে, যাতে তুবা পিছিয়ে পড়া পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে পারে।

সহপাঠীরা জানায়, তুবা আবার স্কুলে ফিরে আসায় তারা খুবই আনন্দিত।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, তুবার লেখাপড়ার দায়িত্ব উপজেলা প্রশাসন নিয়েছে। প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের সব শিক্ষককে তুবার প্রতি বিশেষ নজর দিতে বলা হয়েছে। তাকে নতুন স্কুল ড্রেস দেওয়া হয়েছে। পড়াশোনার জন্য তার প্রয়োজনীয় খরচও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।

সম্প্রতি 'চুরির চেষ্টার অভিযোগে মাদকসেবী' অনিক সরদারকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের পর বাবার মুখে শিশু তুবার খাবার তুলে দেওয়ার  একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে বিষয়টি নিয়ে দেশ রূপান্তরসহ বিভিন্ন গণমাধ্যম মানবিক প্রতিবেদন প্রকাশ করলে তা সকলের নজরে আসে। তুবা ও তার পরিবারের প্রতি প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহায়তা ও ভালোবাসা পৌঁছে যায়। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন স্কুলের বাইরে থাকা তুবা আবারও নতুন করে শিক্ষাজীবন শুরু করল।

সর্বশেষ সর্বাধিক পঠিত