গাজীপুরের কালিয়াকৈরে এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায়, সময়মতো বীজ ও সার পাওয়ায় আমন ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার আমনের বাম্পার ফলনে খুশি কৃষকরা। মাঠজুড়ে পাকা ধান আর মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ মৌসুমে প্রায় ৪ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধান রোপণ করে কৃষক। এর মধ্যে উপজেলা উত্তরাঞ্চলের চাপাইর ও ফলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে সবচেয়ে বেশি আমন ধান রোপণ করা হয়েছে। ১৭ হাজার ৪৬৫ মেট্রিক টন চাল উৎপাদন আশা করছে স্থানীয় কৃষি অধিদপ্তর। গত কয়েক বছরে এমন ফলন হয়নি। এরই মধ্যে প্রায় ৩৪ থেকে ৪০ ভাগ জমির ধান কাটা হয়ে গেছে। এভাবে ধান কেটে মাড়াই শেষে রোদে শুকিয়ে গোলায় তুলবেন কৃষকরা। আর কয়েক সপ্তাহের মধ্যেই কাটা ও মাড়াই শেষে ধান গোলায় উঠানোর পর কৃষকের ঘরে ঘরে শুরু হবে বাঙালির চিরচেনা নবান্নের উৎসব। উপজেলার ডুলিগড়া এলাকার কৃষানি সরস্বতী রানী বলেন, ইতিমধ্যে আমন ধান কাটা শুরু হয়ে গেছে। ধান কেটে রোদে শুকিয়ে ধান গোলায় তোলা হচ্ছে। কৃষক শ্রী রবীন্দ্র বলেন, এবার আমি চার বিঘা জমিতে আমন চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায়, সময়মতো বীজ ও সার পাওয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি অধিদপ্তরের সহযোগিতা পেলে আরও ধানের ফলন ভালো হতো বলে জানিয়েছেন সাধারণ কৃষকরা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে এখানে ৪ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এ বছর ফলন ভালো হয়েছে। ফলে প্রায় ১৭ হাজার ৪৬৫ মেট্রিক টন চাল উৎপাদন আশা করা হচ্ছে।