আফগানিস্তানকে হারানোর ম্যাচে সেঞ্চুরি করেছিলেন আজিজুল হাকিম তামিম। বাংলাদেশ অধিনায়ক এবার করলেন ফিফটি। তার ৭২ বলে অপরাজিত ৫২ রানের ওপর ভর করে নেপালের দেওয়া ১৪২ রানের টার্গেট ছুঁয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশের যুবারা। টানা দ্বিতীয় জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
গতকাল দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আজিজুল হাকিম তামিম। ৬ বোলার মিলে ৪৬তম ওভারে ১৪১ রানে আটকে দেয় বাংলাদেশ নেপালিদের। দুটি করে উইকেট নেন রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদ। তামিম নিজে ৪ ওভার বোলিংয়ে ১৫ রানে নেন এক উইকেট।
রান তাড়ায় প্রথম ওভারে উইকেট হারালেও জাওয়াদ আবরার (৫৯)-কে ৯০ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে নিয়ে যান তামিম। এরপর চার উইকেট হারালেও নিজে ক্রিজে থেকে দলকে ২৯তম ওভারে জয় এনে দেন। তার ৭২ বলের ইনিংসে ছিল দুই চার ও তিন ছক্কা।
বাংলাদেশ মঙ্গলবার শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ খেলবে।
আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাও সেমিফাইনাল নিশ্চিত করেছে।