জেন্ডারবিষয়ক সনদে ২০ গণমাধ্যমের স্বাক্ষর

চাকরির নিশ্চয়তা, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পারিবারিক অসহযোগিতার কারণে সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশের নারীরা। গণমাধ্যমের কর্মপরিবেশের পাশাপাশি এর বড় কারণ লিঙ্গবৈষম্য। গণমাধ্যমগুলোকে টিকে থাকতে হলে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গতকাল রবিবার রাজধানীর দি ডেইলি স্টার ভবনে এমআরডিআই আয়োজিত ‘সংবাদমাধ্যমের জন্য জেন্ডারবিষয়ক অঙ্গীকার সনদ প্রকাশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্টজনরা।

এমআরডিআই নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস।

জেন্ডার চার্টার ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে, ২০টি গণমাধ্যম ‘সংবাদমাধ্যমের জন্য জেন্ডারবিষয়ক অঙ্গীকার সনদ’ স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, গণমাধ্যম সংস্কারবিষয়ক কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ, চ্যানেল২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্ট প্রমুখ বক্তব্য রাখেন।