মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ধরা পড়া ৪৪ কেজির একটি বাঘাইড় মাছ প্রায় অর্ধ লাখ টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) ভোরে আব্দুল মমিন মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে শিবালয় উপজেলার আরিচা পাইকারি আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।
জেলে আব্দুল মমিন বলেন, ‘আমিসহ জামালপুরের আদর আলী, সাজল ও আমির হামজা এই চারজন জেলে হরিরামপুর এরিয়ার পদ্মায় জাল ফেলি। ভোরের দিকে জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি আরিচা আড়তে নিয়ে আসি।’
আরিচা ঘাট আড়তদার মামুন মিয়া বলেন, ঢাকার এক পাইকার মাছটি এক হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নিয়ে গেছেন।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘পদ্মা নদীতে আগের মতো পানি থাকে না। মাছের প্রাকৃতিক পরিবেশও আগের মতো নেই। তারপরও এখনও মাঝে মাঝে বড় বড় আইড়, পাঙাশ, বাঘাইড় ধরা পড়ছে জেনে ভালো লাগে।’