ফেনীর পরশুরামের বিলোনিয়া স্থল বন্দরের ভারত অংশ থেকে বাংলাদেশকে কটাক্ষ করে বিভিন্ন স্লোগান দিয়েছে সনাতনী হিন্দু সমাজের ব্যানারে কিছু উশৃঙ্খল মানুষ। এ বিষয়ে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিলোনিয়া স্থল বন্দরের ওপারে ভারতীয় ৫০/৬০ জন নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ইসকন ও মন্দিরের ওপর হামলা কেন,জবাব চাই, ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, ভারতের বিদ্যুৎ বাংলাদেশে আমদানি বন্ধ করতে হবে, চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ কর,করতে হবে, রাজাকার মৌলবাদ নিপাত যাক, এভাবে বাংলাদেশ বিরোধী কটাক্ষ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এ সময় ভারতের নোম্যান্স ল্যান্ড অংশে ঢুকে পড়ে বাংলাদেশের দিকে মাইক তাক করে উচ্চ শব্দে এসব স্লোগান দেয়। পরে বিএসএফ তাদের সরিয়ে দেয়।
বিজিবির মজুমদার হাট সদরের কোম্পানি কমান্ডার সৈয়দ কামরুল আলম মজুমদার বলেন, বিজিবির সদস্যরা বিলোনিয়া স্থলবন্দরে অবস্থান নিয়ে বিএসএফের কোম্পানি কমান্ডারকে ডেকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোশারফ হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে বিএসএফকে প্রতিবাদ পাঠানোর প্রক্রিয়া চলছে।