কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিশেষ অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি ১০। সোমবার (২ ডিসেম্বর) ভোরে কুমিল্লা মিয়া বাজার সীমান্তবর্তী এলাকায় অভিযান করে কটকবাজার বিওপির একটি বিশেষ দল।
বিকেলে কুমিল্লা ব্যাটালিয়ন বিজিবি-১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ কটকবাজার পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল সীমান্ত মেইন পিলার ২১০০/এম থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার সীমান্তবর্তী এলাকা ৬৯০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৪৯ লাখ ৯৫ হাজার টাকা। জব্দকৃত শাড়ির তালিকা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।