স্পেনের রাষ্ট্রদূতকে প্রধান বিচারপতি

বিপ্লবোত্তর বাংলাদেশে বিচার বিভাগ মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এইচ ই গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচা ডি চিনচেত্রু। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধান বিচারপতি স্পেনের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে বলেন, বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্পেনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া তিনি (স্পেনের রাষ্ট্রদূত) একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে তার দেশ বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত মর্মে প্রধান বিচারপতিকে অবহিত করেন। বিশেষ করে বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট প্রদানে আগ্রহ প্রকাশ করেন স্পেনের রাষ্ট্রদূত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি স্পেনের রাষ্ট্রদূতকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিচার বিভাগের আধুনিকায়ন ও বিচার বিভাগ পৃথকীকরণের প্রাতিষ্ঠানিকীকরণে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বিশেষ করে উল্লেখ করেন যে, ছাত্র-জনতার স্বতস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ দেশে মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত