ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় উসকানির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ সোমবার এক বিবৃতিতে দলটির পীর সাহেব চরমোনাই এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কলকাতা ও আগরতলায় ভারতের সরকার দলীয় উগ্র কর্মীরা বাংলাদেশ উপহাইকমিশনে হামলা করেছে। এমনকি দূতাবাসের ওপর থেকে বাংলাদেশি পতাকা নামিয়ে টেনে হেঁচড়ে ছিড়ে ফেলা হয়েছে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, বিশ্বে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের দাবিদার ভারত আজ প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ জন্য ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ভারত সরকার বাংলাদেশ হাইকমিশন, উপহাইকমিশনসহ কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ সরকারের উচিত হবে ভারত থেকে মিশন ফিরিয়ে আনা।