‘বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে’—এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করেছে সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া। আর ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এ পর্যন্ত হাজারের বেশি ব্যবহারকারী ভিডিওটি দেখেছেন।
ফেসবুক পোস্টে রিউমার স্ক্যানার জানায়, যে ভিডিও ফুটেজ বাংলাদেশের বলে দাবি করে প্রচার করা হয়েছে, সেটা আসলে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি কালীমন্দিরের।
এছাড়া মন্দিরে হামলা–ভাঙচুরের দাবিটিও মিথ্যা বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। কারণ ভিডিও ফুটেজে যা দেখা গেছে, সেটি বর্ধমানের মন্দিরের ধর্মীয় আচার পালনের দৃশ্য। ভিডিওটি হামলা বা ভাঙচুরের নয়। এটাকে বাংলাদেশের মন্দিরে ভাঙচুরের ভিডিও হিসেবে প্রচার করা হয়েছে।