স্বামীকে ফোনে না পেয়ে একসঙ্গে ২৫টি ভিটামিন ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক নারী। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে আশ্চর্যজনকভাবে হলে এটি সত্যি যে ট্যাবলেটগুলোর মধ্যে কোনো বিষ ছিল না। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ছত্তরপুরে এঘটনা ঘটে।
ছত্তরপুরের শান্তিনগর কলোনির বাসিন্দা রেখা চৌহান তার স্বামী অশ্বিনী চৌহানকে ফোনে না পেয়ে একসঙ্গে ২৫টি ভিটামিন ট্যাবলেট খেয়ে ফেলেন।
কলকাতার স্থানীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, হোলিকা দহনের প্রস্তুতির জন্য কিছু সামগ্রী কেনার কথা বলতে রেখা স্বামীকে ফোন করেছিলেন। কিন্তু অশ্বিনী অফিসের কাজে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারেননি। এমনকী ফোনটি সাইলেন্ট মোডে থাকায় তিনি কোনো উত্তরও দিতে পারেননি।
ফোন না ধারায় পরবর্তীতে কলব্যাক না কারায় ক্রমশ রেখার ক্ষোভ বেড়ে যায়। একপর্যায়ে রাগান্বিত হয়ে তিনি বাড়িতে বিষ খুঁজতে থাকেন। কিন্তু কিছু না পেয়ে হাতের কাছে থাকা ভিটামিন ট্যাবলেট এক এক করে ২৫টি খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর বাড়ি ফিরে স্বামী দেখেন রেখা অসুস্থ অবস্থায় পড়ে রয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রেখা হাসপাতালেই আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
চিকিৎসকরা জানিয়েছেন, একসঙ্গে এতগুলি ভিটামিন ট্যাবলেট খেলে শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। কখনোই এমন পদক্ষেপ নেওয়া উচিত নয়।
মনোবিদদের সতর্ক বার্তা, আধুনিক জীবনে মানুষের ধৈর্য ক্রমশ কমছে। সাধারণ দৈনন্দিন ঘটনার প্রতি অসহিষ্ণুতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কিছু মানুষ এমনকি মৃত্যুও বেছে নেওয়ার চিন্তা করতে দ্বিধা করছে না। মধ্যপ্রদেশের এই নারী তারই উদাহরণ হয়ে উঠেছেন।
