প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে সরকারি বিভিন্ন বিধি নিষেধ প্রত্যাহার চেয়ে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের এ আদেশ দেয়।
সেন্টমার্টিনের জিনজিরা দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মালেক এ রিট আবেদনটি করেছিলেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ দেশ রূপান্তরকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ২৮ অক্টোবর একটি বিজ্ঞপ্তি দেয়। এতে সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে সরকারের পাঁচটি সিদ্ধান্ত কার্যকর করতে কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। দ্বীপের মানুষদের জীবন-জীবীকার স্বার্থে গত ১৮ নভেম্বর সরকারি এ নির্দেশনা প্রত্যাহার চেয়ে আবেদন করেন আবদুল মালেক। এ আবেদনের সাড়া না পেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। এতে পরিবেশ ও বন সচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিবাদী করা হয়।