ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার প্রাথমিক, মাধ্যমিক এবং মাদ্রাসাসহ সকল পর্যায়ের প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবকের কাছে একটি খোলা চিঠি লিখেছেন।
মঙ্গলবার উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার ২৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠিটি পৌঁছে দিয়েছেন ইউএনও।
চিঠিতে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে চলমান বার্ষিক পরীক্ষা নিয়ে সন্তানকে চাপ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। সন্তানকে ভালো কিছু করার আত্মবিশ্বাস দেওয়ার পাশাপাশি জীবনের নানা পথ পাড়ি দেওয়ার মনোবল জোগানোর জন্য অভিভাবকদের আহ্বান জানান ইউএনও।
এ বিষয়ে ইউএনও সারমিনা সাত্তার বলেন, প্রতিটি শিশুর ভেতরে কোনও না কোনও সুপ্ত প্রতিভা আছে। তাই ক্লাসের মেধা তালিকায় প্রথম হওয়ার জন্য শিক্ষার্থীদের চাপ না দিয়ে শিক্ষার্থীকে তার মেধা অনুযায়ী লেখাপড়ার পাশাপাশ যে বিষয়ে শিশুটি পারদর্শী সেই বিষয়ে উৎসাহিত করা উচিত অভিভাবকদের। মূলত সেই চিন্তা থেকেই বাস্তবতার আলোকে কিছু বার্তা দেওয়ার জন্যই অভিভাবকদের প্রতি আমার এই চিঠি।