তাকওয়া অর্জনের চার উপায়

তাকওয়া অর্থ আল্লাহভীতি। এর পারিভাষিক অর্থ হলো, আল্লাহর সব আদেশ পালন এবং নিষেধ বর্জন করা। তাকওয়া বা আল্লাহভীতি মুমিনের অত্যাবশ^কীয় গুণাবলির অন্তর্ভুক্ত। তাকওয়া অর্জনের উপায় সম্পর্কে আলোচনা করা হলো।

আল্লাহর ভয় জাগ্রত রাখা : আল্লাহ আমাকে দেখছেন, এ কথা অন্তরে জাগ্রত রাখা। তাহলে পাপ থেকে বেঁচে থাকা সম্ভব। আল্লাহতায়ালা বলেছেন, ‘নিশ্চয়ই তোমরা যা করো তা তিনি জানেন।’ (সুরা নাহল ৯১) আজকাল আমরা অনেক আধুনিক শপিং কমপ্লেক্স অথবা বিভিন্ন অফিস কক্ষের দেয়ালে ছোট্ট করে এ লেখা দেখতে পাই যে, আপনার গতিবিধি লক্ষ্য করা হচ্ছে কিংবা রেকর্ড করা হচ্ছে। এটা দেখা মাত্রই কোনো ব্যক্তিই অবৈধ কাজে জড়াবে না। কারণ সে জানে যে, কোনো অবৈধ কাজ করলে ধরা পড়তে হবে। আর মানুষের সারা জীবনের কার্যক্রম আল্লাহর কাছে সংরক্ষিত হতে থাকে। এ বিষয়টি অনুধাবন করতে পারলে মানুষ পাপকাজ থেকে বিরত থাকতে পারবে।

রোজা রাখার মাধ্যমে : রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। কোরআনে বর্ণিত হয়েছে, ‘হে মুমিনরা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের ওপর। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা ১৮৩)

সৃষ্টি সম্পর্কে চিন্তার মাধ্যমে : আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনার মাধ্যমে অন্তরে তাকওয়া জাগ্রত হয়। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই দিন ও রাতের পরিবর্তনে এবং আসমানসমূহ ও জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা তাকওয়া অবলম্বন করে।’ (সুরা ইউনুস ৬)

নবীজির অনুসরণের মাধ্যমে : রাসুল (সা.)-কে পরিপূর্ণ ও বিনীতভাবে অনুসরণের মাধ্যমে মানুষ তার অন্তরে তাকওয়ার নুর সৃষ্টি করতে পারে। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই যারা আল্লাহর রাসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য বাছাই করে নিয়েছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।’ (সুরা হুজুরাত ৩)