বিএনপি মনে করে, বাংলাদেশে ইসকনের কর্মকাণ্ড ও ভারত সরকারের বক্তব্য একই সূত্রে গাঁথা এবং এটি পরিকল্পিত। এজন্য ভারত বিভিন্ন বক্তব্যে উসকানিমূলক কথা বলছে। দলটির নেতাদের মতে, সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে সামনে রেখে ভারতের বক্তব্য ও কর্মকাণ্ডের উসকানির প্রমাণ মিলেছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা এবং ভারতের আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তাদের অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় বলে মনে হচ্ছে। বিএনপি নীতিনির্ধারকরা বলছেন, ভারত এখানে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে বিশে^র কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারে। এসব ঘটনার সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের ইন্ধন রয়েছে বলেও তাদের মত।
গত সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় দলটির নেতাদের পর্যালোচনায় এসব বিষয় উঠে এসেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। বৈঠকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও পরে এ নিয়ে সহিংসতায় একজন আইনজীবী নিহত, আগরতলায় সহকারী হাইকমিশন ও কলকাতায় উপহাইকমিশনে হামলা এবং সামগ্রিক পরিস্থিতিতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ‘বিতর্কিত’ মন্তব্যের বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য জানান, ভারতের অভ্যন্তরে অনেক ঘটনা ঘটে। সেখানে অনেক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করা হয়। ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা মুসলমানদের ওপর অনেক নির্যাতন হয়েছে। কিন্তু বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাহলে বাংলাদেশের বিষয়ে হঠাৎ তাদের দৃষ্টিভঙ্গি এতটা পরিবর্তন হলো কেন? বাংলাদেশেও অনেক মুসলিম নেতা গ্রেপ্তার ও সাজা ভোগ করলেও হিন্দু ধর্মাবলম্বী কোনো নেতার গ্রেপ্তারে তাদের এমন মনোভাব কেন?
সূত্রগুলো জানিয়েছে, ভারতের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি আজকালের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে। সংবাদ সম্মেলনে ভারতের সাম্প্রতিক ও আগের কর্মকাণ্ডের একটি ডকুমেন্টারি দেখানোর কথা রয়েছে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমদু টুকু সাংবাদিকদের বলেন, ‘এটি কোনোভাবেই প্রতিবেশীসুলভ আচরণ হতে পারে না। ভারতের অভ্যন্তরীণে অনেক সাম্প্রদায়িক ঘটনা ঘটলেও আমরা কূটনৈতিক শিষ্টাচার অতিক্রম করিনি। শেখ হাসিনার পতনের পর ভারতের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। তাদের মধ্যে হাসিনাপ্রীতি কাজ করছে, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব তারা চায় না।’
সভায় ২১ আগস্ট মামলার রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলটির নেতাদের মত হচ্ছে, এ রায়ে প্রমাণ হয়েছে মামলাটি উদ্দেশ্যমূলক ছিল। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে। শেখ হাসিনা জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার প্রকল্পের অংশ ২১ আগস্ট গ্রেনেড হামলা বলে নেতারা মনে করেন।
বৈঠকে আওয়ামী লীগের ১৫ বছরে শাসনামলে ২৮ লাখ কোটি টাকা পাচার হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করে বিএনপিও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে বলে সিদ্ধান্ত হয়। পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগও দেখতে চায় দলটি। জানা গেছে, বিএনপি দলীয়ভাবে অর্থ পাচারসহ পুরো অর্থনীতি বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করবে। এজন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।