আনোয়ারায় ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

চট্টগ্রামের আনোয়ারায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। আটক দুই সহোদর হলেন উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে আব্দুল্লাহ আল নোমান ও আবু হানিফ।

সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, ডিজিএফআই, এএসইউ, এফআইইউর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ এডি রেজিমেন্ট আর্টিলারির ক্যাপটেন নাফিস সাদিকের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী বাবু ঘর থেকে কৌশলে পালিয়ে যান। পরে ইয়াবা ব্যবসায় জড়িত দুইজনকে আটক করা হয়। এ ছাড়া তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে একটি পুরোনো টয়লেটের ভেতর থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে।