আলিফ হত্যাকারীরা আইনের আওতার বাইরে যেতে পারবে না: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যকারীরা যতই শক্তিশালী হোক—তারা আইনের আওতার বাইরে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আলিফ বাংলাদেশ বার কাউন্সিল পরিবারের সদস্য। নিজেদের সদস্যকে হারিয়ে বার কাউন্সিলর আজ শোকাহত। এই হত্যকাণ্ডের প্রকৃত বিচার করতে বার কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের লোহাগাড়ায় আলিফের গ্রামের বাড়িতে ও চট্টগ্রাম নগরীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবীদের একটি দল বুধবার বেলা ১টায় নিহত সাইফুল ইসলাম আলিফের বাড়িতে যান। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট বদরুল আনোয়ার প্রমুখ ছিলেন। সেখানে তারা আলিফের কবর জেয়ারত করেন। আইনজীবী প্রতিনিধি দল সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম এবং স্ত্রী ইশরাত জাহানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের হাতে মোট ১১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, আলিফের হত্যাকারী যেই হোক, যত ক্ষমতাশালী হোক তারা আইনের আওতার বাইরে যেতে পারবে না বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। ইতিমধ্যেই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় সেটা আমরা করেছি। বিকেলে অ্যাটর্নি জেনারেল চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।