কুড়িগ্রামে বাড়ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

কুড়িগ্রামে শীতের তীব্রতার সঙ্গে মাঝারি কুয়াশায়-স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেঁকে থাকছে বিস্তীর্ণ জনপদ। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।  

জানা গেছে, দিনের বেলা তাপমাত্রা বাড়লেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। শীত কষ্টে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের দরিদ্র মানুষেরা। 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের গোলজার হোসেন বলেন, ‘কয়দিন থেকে খুব শীত ও কুয়াশা। সকালে ঠাণ্ডার কারণে কাজে করা যায় না। আমরা বয়স্ক মানুষগুলা খুব সমস্যাত পড়ছি। কয়েকদিনের তুলনায় আজ খুব কুয়াশা পড়ছে।’

এ বিষয়ে কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত দুই সপ্তাহ থেকে এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’