পঞ্চগড়ে মধ্যরাত থেকে এখন পর্যন্ত কুয়াশার চাদরে মুড়িয়ে রয়েছে পুরো জেলা। তীব্র শীত অনুভূত না হলেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রী সেলসিয়াস। এর আগে সোমবার সকালে সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রী এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায়।
অটোচালক ইসলাম জানান, ঘন কুয়াশায় দুরের কিছু দেখা যায় না। দিন দিন ঠাণ্ডা বাড়তেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশাও ঝড়ছে।
অপর অটো চালক আলম জানান, ঘন কুয়াশার কারণে দুরে দেখা যায় না। হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। এদিকে তীব্র শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি।
জেলার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত বিভিন্ন রোগীর ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুব উল আলম বলেন, হাসপাতালে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। শীতে শিশু ও বৃদ্ধদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বকের শুষ্কতা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। সঠিক পোশাক, পুষ্টি ও সতর্কতার মাধ্যমে এদের সুরক্ষিত রাখা সম্ভব।
শহরের রমেরডাঙ্গা এলাকার কর্মজীবী নারী মাছুম জানান, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।
এর আগে গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।