ঋণের চাপে সিএনজি মেকানিকের আত্মহত্যার অভিযোগ

বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে হৃদয় দাস (৩০) নামের এক সিএনজি মেকানিকের ফাঁস নিয়ে আত্মহত্যা করার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়ন পরিষদের সামনের কড়ই গাছ থেকে উদ্ধার করে থানা পুলিশ।

নিহত হৃদয় দাস হুটের জামির্ত্তা গ্রামের নিমাই দাশের ছেলে। তিনি মানিকনগর বাজারের উত্তর পাশে চার রাস্তার মোড়ে সিএনজি মেরামতের কাজ করতেন ।

এ ব্যাপারে মরদেহের সুরতহালকারী কর্মকর্তা এসআই মো. আব্দুল জব্বার বলেন, দেনা-পাওনা নিয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।