দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আব্দুর রহমান (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলার ৯নং সাবপিলার সংলগ্ন বালুরচড় নামক এলাকা থেকে আটক করা হয়।
আটক আব্দুর রহমান ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার ঘুরনা থানার বারাবুয়ান গ্রামের তারজুমানুল হকের ছেলে।
বুধবার রাত ১০টার দিকে বিষয়টি বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
বিজিবির হিলি আইসিপি কোম্পানী কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন বলেন, বুধবার বিকেলের দিকে হিলি সীমান্ত এলাকা দিয়ে আব্দুর রহমান নামের এক ভারতীয় নাগরিক অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের পূর্বক তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।