ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে চমকপ্রদ এক মন্তব্য করেছেন আল নাসরে তার সাবেক সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। সৌদি আরবের এক জনপ্রিয় টিভি প্রোগ্রামে ওয়ালিদ বলেছেন, রোনালদো ইসলাম ধর্মে রূপান্তরের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
'রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে চান। আমি তাঁর সাথে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তিনি ইতোমধ্যে গোল করার পর মাঠে সিজদা দিয়েছেন এবং সবসময় খেলোয়াড়দের নামাজ পড়তে ও ইসলামি ধর্মীয় নিয়ম মেনে চলতে উৎসাহিত করেন', বলেছেন আব্দুল্লাহ।
ক্যাথলিক খ্রিস্টান পরিবারের সন্তান রোনালদো ইসলাম ধর্ম ও এর প্রথাগুলো সম্পর্কে গভীর আগ্রহ দেখিয়েছেন এবং তাঁর মুসলিম সতীর্থদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নামাজ পড়ার সময় নিশ্চিত করেছেন বলেন জানান আব্দুল্লাহ, ''যখন অনুশীলনের সময় আজানের ধ্বনি শোনা যায়, রোনালদো কোচকে সেশন থামানোর অনুরোধ করেন যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হয়।”
ওয়ালিদ ব্যাখ্যা করেন যে রোনালদো প্রথমে সৌদি সংস্কৃতি ও ক্লাব সম্পর্কে কৌতূহলী ছিলেন এবং এ বিষয়ে তাঁকে অনেক প্রশ্ন করতেন, “শুরুর দিকে আমি রোনালদোর কাছাকাছি ছিলাম কারণ তিনি তখন এই দেশের সংস্কৃতি এবং ক্লাবের পরিবেশ সম্পর্কে তেমন জানতেন না। তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন।”
আবদুল্লাহ উল্লেখ করেন, রিয়াল মাদ্রিদে খেলার সময় রোনালদোকে তার সাবেক সতীর্থ মেসুত ওজিল এবং করিম বেনজেমা তাকে ইসলাম ধর্ম গ্রহণে উৎসাহিত করেছিলেন।
একটি বিশেষ মুহূর্ত স্মরণ করে ওয়ালিদ আব্দুল্লাহ বলেন, “যখন রোনালদো গোল করার পর সিজদা দিয়েছিলেন, তখন সমস্ত খেলোয়াড় একসাথে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছিল।”
আবদুল্লাহ বলেন, ইসলাম গ্রহণ করুন বা না করুন, রোনালদোর শৃঙ্খলাবোধ ও নিবেদন তাঁকে এই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছে, “তিনি অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এবং নিবেদিতপ্রাণ একজন খেলোয়াড়, আর এটাই তাঁকে আজকের অবস্থানে এনেছে।”