টি-টোয়েন্টিতে ৩৪৯ রানের নতুন বিশ্বরেকর্ড

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পিএম

মাত্র ৪৩ দিনের মাথায় ভেঙে গেল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোরের বিশ্বরেকর্ড। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করেছিল জিম্বাবুয়ে। এবার সেই রেকর্ড ভেঙে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সিকিমের বিপক্ষে ২০ ওভারে ৩৪৯ রান করেছে বরোদা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ দলীয় স্কোরের নতুন বিশ্বরেকর্ড।

ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচটিতে বরদোর সামনে পাত্তাই পায়নি অপেক্ষাকৃত দুর্বল দল সিকিম। বরোদার বিশ্বরেকর্ডে বড় ভূমিকা রেখেছেন ভানু পানিয়া। ৫১ বলে খেলেছেন ১৩৪ রানের টর্নেডো ইনিংস। হাঁকিয়েছেন ১৫টি ছক্কা এবং ৫টি বাউন্ডারি। এছাড়া শিবালিক শর্মা (১৭ বলে ৫৫), অভিমন্যু সিংহ (১৭ বলে ৫৩), বিষ্ণু সোলাঙ্কি (১৬ বলে ৫০) এবং শ্বাশ্বত রাওয়াত (১৬ বলে ৪৩) অবদান রাখেন।

বিশাল স্কোর গড়ার পথে বরদোর ব্যাটাররা ৩৭টি ছক্কা মেরেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে যা সর্বোচ্চ ছক্কার বিশ্বরেরকর্ড। এর আগে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ করার পথে ২৭টি ছক্কা মেরেছিল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে প্রথমবার ৩০০ পেরিয়েছিল নেপাল। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে তারা ৩ উইকেটে ৩১৪ রান তুলেছিল। সেই রেকর্ড ভেঙ্গে দেয় জিম্বাবুয়ে। এবার জিম্বাবুয়ের রেকর্ডও টিকল না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত