বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত এই উপমহাদেশের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। তারপরও আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন, সে সার্কের আলোকেই এই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সাথে কারো বৈরিতা নেই, আমাদের সাথে সবার বন্ধুত্বই থাকবে। কিন্তু আমাদের ওপর কেউ প্রভুত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে যে সংকট ১৯৭১ সালেও এমনি সংকট সৃষ্টি হয়েছিল। আমি রাজনীতি ছেড়ে দেব যদি কেউ প্রমাণ দিতে পারেন যে শেখ পরিবারের একজন মানুষ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছিলেন। দেশের সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক - জাকারিয়া তাহের সুমনসহ অন্যান্যরা। আগামী ৯ দিনের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভাগীয় সম্মেলন শেষ করতে নেতাকর্মীদের তাগিদ দেওয়া হয়।