শান্তিতে ২০২৩ সালের নোবেল পুরস্কার বিজয়ী এবং ইরানের খ্যাতিমান মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ৩ সপ্তাহের জন্য কারামুক্তি দিয়েছে ইরান। চিকিৎসাজনিত কারণে নার্গিসকে অস্থায়ীভাবে মুক্ত করার কথা জানিয়েছে তার আইনজীবী।
অস্ত্রোপচারের পর চিকিৎসকের পরামর্শে নার্গিস মোহাম্মদীকে সাময়িকভাবে মুক্তি দেয় আদালত। যদিও পরিবার ও সমর্থকরা তার স্থায়ী মুক্তির আহ্বান জানিয়েছে। তবে অস্থায়ী মুক্তির জন্য নার্গিসকে ২১ দিন অতিরিক্ত সাজাভোগ করতে হবে বলে জানানো হয়েছে।
ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখায় কারাবন্দি অবস্থায় শান্তিতে নোবেল পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। ৫২ বছর বয়সী এই নারী অধিকারকর্মী ২০২১ সাল থেকে তেহরানের একটি কারাগারে বন্দী রয়েছেন।
নার্গিস মোহাম্মদী ইরানের নারীদের বিভিন্ন অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। বিশেষ করে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে আন্দোলনের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
২০১৬ সালে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু পরে জামিনে মুক্তি পান। তারপরে তিনি নির্জন কারাবাস বন্ধ করার জন্য একটি প্রচারাভিযান শুরু করেন এবং দুটি বই এবং একটি তথ্যচিত্র প্রকাশ করেন। তিনি ২০২১ সালে আবার গ্রেপ্তার হন এবং তখন থেকে কারাগারে আছেন।
২০২৩ সালে পুরস্কার ঘোষণার সময় নোবেল কমিটি জানায়, সাহসী সংগ্রাম অব্যাহত রাখতে নার্গিস মোহাম্মদীকে অভাবনীয় মূল্য দিতে হয়েছে। ইরান সরকার তাকে ১৩ বার গ্রেপ্তার ও পাঁচবার দোষী সাব্যস্ত করেছে এবং সব মিলিয়ে ৩২ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে। এ ছাড়াও, তাকে ১৫৪ বার বেত্রাঘাতের দণ্ডও দেওয়া হয়েছে এবং তিনি এখনো কারাবন্দী আছেন।