যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেদের মধ্যে ‘মুহাম্মদ’ নাম জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস)। ‘মুহাম্মদ’ নামটি দ্বিতীয় স্থানে থাকা নোয়াকে ছাড়িয়ে গেছে। এছাড়া ২০২৩ সালের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে অলিভার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সংবাদমাধ্যমটি জানায়, প্রতি বছর ওএনএস শিশুর নামের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাজ্যের সর্বাধিক জনপ্রিয় এবং অজনপ্রিয় নাম প্রকাশ করে। ২০২৩ সালে ইংল্যান্ড ও ওয়েলসে ৪ হাজার ৬৬১ জন জন্মগ্রহণ করেছেন, যাদের নাম ‘মুহাম্মদ’। এর আগের বছর সংখ্যাটি ছিল ৪ হাজার ১৭৭ জন।
এর বিপরীতে ২০২৩ সালে মাত্র ৪ হাজার ৩৮২ জন ‘নোয়া’ নামে শিশুর জন্ম হয়েছে, যা আগের বছর ছিল ৪ হাজার ৫৮৬ জন।
মূলত আরবি মুহাম্মদ নামের অর্থ ‘প্রশংসনীয়’, যা আরবি ক্রিয়াপদ ‘হামদ’ থেকে এসেছে, যার অর্থ ‘প্রশংসা করা’।
দ্য টেলিগ্রাফের এক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালে দ্রুততম ক্রমবর্ধমান ছেলেদের মধ্যে দুটি নাম আরবি ছিল। এদের মধ্যে ৪৭ শতাংশ আয়মান এবং ৪৩ শতাংশ বেড়েছে হাসান।
মেয়েদের মধ্যেও আরবি নামগুলোর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ‘আইজাল’ ৪৭৯ শতাংশ ‘ইনায়া’ যার অর্থ আরবি ভাষায় যত্ন বা সুরক্ষা-৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।