নির্বাচন কমিশনের সচিব হলেন আখতার আহমেদ

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আখতার আহমেদ। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

গত মঙ্গলবার ইসি সচিব পদে থাকা শফিউল আজিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এতে ইসি সচিবালয়ের সচিবের পদ খালি হয়। 

আখতার আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি সর্বশেষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্ম সচিবের (প্রশাসন) দায়িত্ব পালন করে ২০১৫ সালে অবসরে যান। খুলনায় জন্মগ্রহণকারী আখতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন।