ঢাকার আশুলিয়ার দুর্গাপুর থেকে চুরি হওয়া মোরসালিন নামে ২১ দিন বয়সী এক নবজাতককে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত এক দম্পতিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আশরাফুল ইসলাম। এর আগে গত বুধবার রাতে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকার বস্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
আটকরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর হলদিপুর কোনাপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে রিজু মিয়া (২৩) ও তার স্ত্রী আনোয়ারা ওরফে পরী (৩৫)।
পুলিশ জানায়, চুরি যাওয়া শিশুকে নিয়ে তার বাবা-মা আতিকুর রহমান ও খাদিজা আক্তার আশুলিয়ার দুর্গাপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। আটক নারী আনোয়ারা বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে যান। এরপর কৌশলে শিশুটি কোলে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগের পর পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযান চালায়। চুরি হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে শিশুটি উদ্ধারে সক্ষম হয় পুলিশ। এ সময় চোরচক্রের সদস্য আনোয়ারার পাশাপাশি তার স্বামী রিজু মিয়াকে আটক করা হয়েছে। আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘শিশু চুরির ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী থেকে নবজাতক মোরসালিনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরচক্রের হোতাদের গ্রেপ্তার করা হয়েছে।’