ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

উত্তরাঞ্চলের রংপুর বিভাগের আট জেলায় দিনের তাপমাত্রা ১০-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। কুয়াশার দাপটও বেড়েছে এ অঞ্চলে। গতকাল বৃহস্পতিবার ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটেছে। ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে দুটি বিমান চলাচলে শিডিউল বিপর্যয় ঘটে। পরে দুপুর ১২টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে উত্তরাঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও নেমে আসার সম্ভাবনা রয়েছে।

সৈয়দপুর-ঢাকা ও কক্সবাজার রুটে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে ১৫-১৬টি ফ্লাইট নিয়মিত চলাচল করে। এর মধ্যে দুপুর ১২টার আগে তিনটি ফ্লাইট রয়েছে। বাকিগুলো দুপুর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলাচল করে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকার কথা থাকলেও সেখানে মাত্র ২০০ মিটার ভিজিবিলিটি ছিল। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান, সকালের ফ্লাইট বাতিল করা হয়নি। তবে শিডিউল বিপর্যয় ঘটেছে। সকাল ৮টায় নভোএয়ারের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও সেগুলো যথাসময়ে নামতে পারেনি। প্রায় ৪ ঘণ্টা ২০ মিনিট পর দুপুর ১২টা ২০ মিনিটে আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হয়।