৯০-এর দশকের বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে ভারত থেকে দূরে ছিলেন, সম্প্রতি দেশে ফিরে একটি গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভিকি গোস্বামীর সঙ্গে তার নাম জড়ালেও, তারা কখনো বিবাহিত ছিলেন না। করণ-অর্জুন, বাজি, চায়না গেটসহ একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করেছিলেন মমতা। কিন্তু ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন তিনি হঠাৎ করেই সিনেমা জগত ছেড়ে চলে যান।
এক সাক্ষাৎকারে মমতা বলেন, ‘আমি ভিকিকে বিয়ে করিনি। আমি এখনও একা। ভিকির সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি তাকে ৪ বছর আগে ব্লক করেছি। ভিকি একজন ভাল হৃদয়ের মানুষ। বলিউড ইন্ডাস্ট্রির অনেকেই তার সঙ্গে দেখা করতে যেতেন, আমিও গিয়েছিলাম।’
মমতা আরও জানান, ‘আমি ভিকির সঙ্গে শেষ দেখা করেছিলাম ২০১৬ সালে। তারপরে জানতে পারি তার কর্মকাণ্ডের সত্য। তখনই আমি তাকে ছেড়ে দিই। তিনি তখন দুবাইয়ের জেলে ছিলেন। তাকে মুক্ত করার জন্য আমি ধ্যান শুরু করি। ২০১২ সালে তিনি মুক্তি পান। তবে ২০১৬ সালে ফের গ্রেফতার হন। তিনি এখন আমার অতীত। আমি তাকে ছেড়ে এসেছি।’
মমতার নাম ২০১৬ সালে ভিকি গোস্বামীর সঙ্গে ২ হাজার কোটির আন্তর্জাতিক মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে উঠে আসে। তাদের বিরুদ্ধে ইফেড্রিন সরবরাহ করে মেথঅ্যামফেটামিন তৈরির অভিযোগ আনা হয়। মাদক মামলায় মমতাকে গ্রেফতার করা না হলেও জিজ্ঞাসাবাদ করতে বারবার ডেকে পাঠানো হয়েছিলো।
অবশেষে ২০১৬ সালে বোম্বে হাইকোর্ট সমস্ত অভিযোগ বাতিল করে দেন। দুর্ভাগ্যবশত ক্লিন চিট পেলেও মমতার বলিউড ইমেজকে যেভাবে কলঙ্কিত করেছিল এই ঘটনা, তা থেকে তিনি আজও নিজেকে মুক্ত করতে পারেননি। বলিউড তারকা সালমান খান, অক্ষয় কুমার এবং সুনীল শেঠির সঙ্গে কাজ করা এই অভিনেত্রী এখন তার অতীতকে পিছনে ফেলে এক নতুন অধ্যায় শুরু করেছেন।