বাংলাদেশ নিয়ে বিদ্বেষ, সাবেক বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

ভারতের কর্ণাটকের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তার বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি হিন্দু হিতরক্ষণা সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল যৌথভাবে আয়োজিত একটি সমাবেশ করে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হয়। ঈশ্বরাপ্পা সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

শিবমোগা পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে। এ বছর বিজেপি ঈশ্বরাপ্পাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে ৬ বছরের জন্য বহিষ্কার করে। যদিও তিনি শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৩০ হাজার ভোট পান।

এর আগে গত ১৬ নভেম্বর তার বিরুদ্ধে একটি মামলা হয়। অভিযোগ ছিল, ৭৬ বছর বয়সী সাবেক এই বিজেপি নেতা মুসলমানদের হুমকি দিয়েছেন এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। এই মন্তব্য তিনি ওয়াক্ফ বিতর্ক নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে আক্রমণের সময় করেছিলেন।