অসুস্থ বাবাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার কথা বলে জঙ্গলে ফেলে যায় সন্তানেরা। খবর পেয়ে পুলিশ ওই বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। উদ্ধার হওয়া বৃদ্ধ শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার চরডিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাকিব আলী সরদার। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জঙ্গলে ফেলে যাওয়ার আগে তিনি ঢাকার বাড্ডা এলাকায় বড় মেয়ের বাসায় থাকতেন।
জয়দেবপুর থানার পুলিশ জানায়, বৃদ্ধের বড় মেয়ে ও তার জামাতা অন্য ভাই-বোনদের সঙ্গে পরামর্শ করে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি.কে বাড়ি বৃদ্ধাশ্রমে বাবাকে নিয়ে যান। কিন্তু বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ অসুস্থতার কারণে তাকে সেখানে রাখতে অপারগতা প্রকাশ করে।
পরে তারা বৃদ্ধকে ফিরিয়ে না নিয়ে পথের পাশে জয়দেবপুর থানা এলাকার একটি জঙ্গলে ফেলে রেখে চলে যায়। তিন দিন সেখানে পড়ে থাকার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গত ৪ ডিসেম্বর বিকেলে এক বৃদ্ধ জঙ্গলে পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বৃদ্ধকে অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। তার পায়ে মল-মূত্র লেগে ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরদিন ওসি আব্দুল হালিম হাসপাতালে গিয়ে বৃদ্ধের খোঁজখবর নেন এবং তাকে ফলমূলসহ আর্থিক সহায়তা প্রদান করেন। ওসি জানান, বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পৌঁছে দেওয়া হবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। গত দুই দিনেও বৃদ্ধের খোঁজ নিতে কেউ হাসপাতালে আসেনি বলে জানা গেছে।
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ