জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তিনটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিকশা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বকশীগঞ্জ, ইসলামপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বালুগ্রাম এলাকার আমিনুল ইসলাম (৪০), পৌর শহরের সরদারপাড়া এলাকার রোমান আকন্দ (৩৫), ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের কাচিহারা গ্রামের আল আমিন (৩৫) জামালপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের মো.ফরহাদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া পশ্চিমপাড়া গ্রামে জাহিদ মিয়া মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর জাহিদের ঘরে প্রযুক্তির সহায়তায় ও ডিবি পুলিশের (ডিবি-২) সহযোগিতায় বৃহস্পতিবার ইসলামপুর উপজেলার কাচিহারা এলাকায় অভিযান চালিয়ে আল আমিন নামে একজনকে গ্রেপ্তার করে। এ সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বগারচর ইউনিয়নের বালুগ্রাম থেকে থেকে আমিনুল ইসলাম ও পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে রোমান আকন্দ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যে সদর উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে মো.ফরহাদ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলকায় চুরি করে আসছে। তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাদেও আদালতে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।