সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের সিটের নিচ থেকে ১ কেজি ১৬৭ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে এসব স্বর্ণালংকার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সোহানুর রহমান জানান, স্বর্ণালংকারগুলো মালিকবিহীন অবস্থায় বিমানের ২৬সি নম্বর সিটের নিচে কালো পলিথিনে মোড়ানো ছিল। যার ওজন ১ কেজি ১৬৭ গ্রাম। জব্দৃকত স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে ১৮ পিস চুড়ি, ৩ পিস গলার চেইন। এর বাজারমূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।
কাস্টমস কর্মকর্তা আরও জানান, কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণালঙ্কার ফেলে রেখে যাওয়া হয়। তবে এ ঘটনায় কাউকে তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। সিলেটের কাস্টমস কমিশনার তাসনিমুর রহমানের নির্দেশনায় বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তার এই অভিযান পরিচালনা করেন।
প্রসঙ্গত, গত বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের একটি ফ্লাইট থেকে ১ কেজি ২৮৩ গ্রাম ওজনের ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছিল।