সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

সিলেটের কানাইঘাট সীমান্তে মাত্র ৫ দিনের মাথায় গুলিতে আরেক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম খালেদ আহমদ (২৪)। তিনি কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকালে কানাইঘাটের দনা সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চোরাকারবারী ময়নুল হকের সাথে খালেদ আহমদ কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা ১৩৩৩নং মেইন পীলারের সীমান্তবর্তী মিকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এসময় গুলিতে খালেদ আহমদ নিহত হন। তবে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নাকি ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, খালেদ আহমদের ভাই সালা উদ্দিন তাকে জানিয়েছেন, তার ভাইকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। লাশ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় পড়ে রয়েছে। তিনি ঘটনাটি থানা পুলিশ ও বিজিবিকে অবহিত করেছেন এবং বিজিবি লাশ উদ্ধারের ব্যবস্থা নিচ্ছে। 

রাত ১০টায় এ রিপোর্ট লিখার সময় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় গুলিতে খালেদ আহমদ নিহত হওয়ার সংবাদ বিজিবির পক্ষ থেকে এখনো থানায় জানানো হয়নি।

উল্লেখ্য গত ১০ অক্টোবর সিলেটের কানাইঘাট সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে আরেক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত