শুষে নেওয়ার সুযোগ ভারতকে জনগণ আর দেবে না: সারজিস

আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বিগত ১৬ বছর ভারত বাংলাদেশকে শুষে নিয়েছে, সেই সুযোগ জনগণ আর দেবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, ‘সম্পর্ক তিক্ততার হবে কি-না তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া সফরে এসে শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘বগুড়ায় আমি প্রথম এসেছি। এখানে নেমেই যা দেখেছি, তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে শুধু নামের কারণেই বগুড়া ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। ১৬ বছর বগুড়ার কোনো উন্নয়ন হয়নি।’

ছাত্র আন্দোলনে রাজশাহী, রংপুর বিভাগের মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে; যার কারণে আমাদের দায়বদ্ধতাও রয়েছে বলে জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক বলেন, ভারতের কিছু ‘মেরুদণ্ডহীন’ মিডিয়া সাম্প্রদায়িক প্রোপাগাণ্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে। পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া নামের দাস, তাদেরকে দেওয়া স্ক্রিপ্টগুলো পড়ছে। তাদের ব্যক্তি, মেরুদণ্ড বলে কিছু নেই। এগুলোকে কোনোভাবেই মিডিয়া বলা যায় না। এদের পাত্তার দেওয়ার মতো সময় আমাদের নেই।

এর আগে বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় পারিবারিক সফরে আসেন সারজিস আলম। সঙ্গে তার বাবা-মাও ছিলেন।